হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার নবী মুহাম্মাদ (ﷺ)-এর উসিলায়, আপনার বন্ধু (খলীল) ইবরাহীম আ.-এর উসিলায়, আপনার সাথে কথপোকথনকারী মূসা আ.-এর উসিলায় এবং আপনার রূহ ও কালিমা ঈসা আ.-এর উসিলায়। আর প্রার্থনা করছি মূসার প্রতি অবতীর্ণ কালামের (তাওরাত) উসিলায়, ঈসার প্রতি অবতীর্ণ ইঞ্জীলের উসিলায়, দাঊদের প্রতি অবতীর্ণ যাবূরের উসিলায় এবং মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবতীর্ণ ফুরকানের (কুরআন) উসিলায়।
এবং আপনার কাছে প্রার্থনা করছি আপনার অবতীর্ণ প্রতিটি ওহীর উসিলায়, আপনার জারিকৃত প্রত্যেক (জাগতিক) বিধানের উসিলায়, আপনার কাছে সাহায্যপ্রার্থী প্রত্যেক যাচনাকারীর উসিলায় যাকে আপনি দান করেছেন, প্রত্যেক দরিদ্রের উসিলায় যাকে আপনি ধনী করেছেন, প্রত্যেক ধনীর উসিলায় যাকে আপনি ফকির বানিয়েছেন এবং প্রত্যেক পথভ্রষ্টের উসিলায় যাকে আপনি হেদায়াত দিয়েছেন।
আমি আপনার সেই নামের উসিলায় প্রার্থনা করছি, যা আপনি পৃথিবীর ওপর রাখায় তা স্থির ও শান্ত হয়েছে, যা আকাশের ওপর রাখায় তা স্থিতি লাভ করেছে এবং যা পাহাড়গুলোর ওপর রাখায় তা দৃঢ়ভাবে প্রোথিত হয়েছে। আমি আপনার সেই নামের উসিলায় চাচ্ছি, যার মাধ্যমে আপনার আরশ স্থির হয়েছে। আমি আপনার সেই পবিত্র, শুচি-শুভ্র নামের উসিলায় চাচ্ছি, যা আপনার পক্ষ থেকে আপনার কিতাবে অবতীর্ণ হয়েছে। এবং আপনার সেই নামের উসিলায়, যা দিনের ওপর রাখায় তা উদ্ভাসিত ও আলোকিত হয়েছে এবং রাতের ওপর রাখায় তা অন্ধকারাচ্ছন্ন হয়েছে। আর আপনার বড়ত্ব, গৌরব এবং আপনার সত্তার নূরের উসিলায় প্রার্থনা করছি—
আপনি আমাকে মহাগ্রন্থ আল-কুরআন (মুখস্থ ও উপলব্ধি করার তৌফিক) দান করুন; তা আমার রক্ত, মাংস, শ্রবণ ও দৃষ্টির সাথে মিশিয়ে দিন এবং আপনার ক্ষমতা ও শক্তিতে আমার পুরো শরীরকে এর ওপর আমল করার কাজে নিয়োজিত করে দিন। আপনার সাহায্য ও শক্তি ছাড়া (পাপ থেকে) ফেরার এবং (পুণ্য করার) কোনো শক্তি কারও নেই।
হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার গোপন কৌশল সম্পর্কে শঙ্কাহীন করে দিবেন না, আমাদের থেকে আপনার স্মরণ ভুলিয়ে দিবেন না, আমাদের ওপর থেকে আপনার (দোষত্রুটি ঢাকার) পর্দা উঠিয়ে নিবেন না এবং আমাদেরকে গাফেল বা উদাসীনদের অন্তর্ভুক্ত করবেন না।
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার দেওয়া তড়িৎ নিরাপত্তা, আপনার দেওয়া বালা-মুসিবত ও বিপদ থেকে সুরক্ষা এবং এই দুনিয়া থেকে আপনার রহমতের দিকে (ঈমানের সাথে) প্রস্থান।
হে সেই সত্তা! যিনি প্রত্যেকের জন্য যথেষ্ট এবং যাঁর বিপরীতে কেউ (কখনো কারও জন্য) যথেষ্ট হতে পারে না। হে তাঁদের একমাত্র আশ্রয়, যাঁদের কোনো আশ্রয়দাতা নেই! হে তাঁদের একমাত্র অবলম্বন, যাঁদের কোনো অবলম্বন নেই!
আপনি ছাড়া অন্য সবার থেকে আমার সব আশা-ভরসা ছিন্ন হয়ে গেছে। আমি এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তা থেকে আমাকে মুক্তি দিন। আমার ওপর যে বিপদ নেমে এসেছে, তার ওপর ধৈর্য ধারণ ও তা মোকাবিলা করার জন্য আমাকে সাহায্য করুন আপনার মহান সত্তার মহিমার উসিলায় এবং আপনার কাছে মুহাম্মাদ (ﷺ)-এর যে বিশেষ মর্যাদা ও হক রয়েছে তার উসিলায়। আমীন (হে আল্লাহ, কবুল করুন)।
হে আল্লাহ! আপনি আমাকে আপনার সেই অতন্দ্র দৃষ্টি দিয়ে পাহারা দিন, এবং আমাকে আপনার সেই আশ্রয়ে আগলে রাখুন যাকে কেউ পরাস্ত করতে পারে না। আমার ওপর আপনার যে অসীম ক্ষমতা রয়েছে, তার উসিলায় আমার প্রতি দয়া করুন যাতে আমি ধ্বংস হয়ে না যাই; আপনিই তো আমার একমাত্র আশা-ভরসা।
আপনি আমাকে কতশত নেয়ামত দান করেছেন, অথচ সেগুলোর বিপরীতে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ ছিল খুবই সামান্য! আর আপনি আমাকে কত কঠিন পরীক্ষায় ফেলেছেন, অথচ সেগুলোর সময় আপনার প্রতি আমার ধৈর্য্য ধারণের পরিমাণ ছিল খুবই নগণ্য!
হে সেই পরম দয়ালু সত্তা! যাঁর দেওয়া নেয়ামতের পর আমার কৃতজ্ঞতা কম হওয়া সত্ত্বেও যিনি আমাকে তাঁর নেয়ামত থেকে বঞ্চিত করেননি! হে সেই সত্তা! বিপদের সময় আমার ধৈর্য কম হওয়া সত্ত্বেও যিনি আমাকে একা ফেলে যাননি! এবং হে সেই সত্তা! যিনি আমাকে বারবার পাপ করতে দেখা সত্ত্বেও আমার গোপন অপরাধগুলো দুনিয়ার সামনে প্রকাশ করে আমাকে অপদস্থ করেননি! (হে মহামহিম! ভবিষ্যতে আমি এমন দয়া ও করুণারই আশাবাদী।)
হে চিরস্থায়ী কল্যাণের অধিকারী! যাঁর অনুগ্রহ কখনো শেষ হয় না, এবং হে অসীম নেয়ামতের অধিকারী! যাঁর নেয়ামতসমূহ কখনো গুণে শেষ করা যায় না! আমি আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর পরিবার-পরিজনের ওপর দরূদ ও রহমত বর্ষণ করুন। আর আপনারই শক্তির সাহায্যে আমি শত্রু এবং স্বৈরাচারী-অত্যাচারীদের আক্রমণ ও ষড়যন্ত্রকে প্রতিহত করছি (তাদের কণ্ঠনালী চেপে ধরছি)।
হে আল্লাহ! দুনিয়ার (প্রয়োজনীয় উপায়-উপকরণ) দিয়ে আমার দ্বীন পালনে আমাকে সাহায্য করুন, এবং তাকওয়ার (আল্লাহভীতির) মাধ্যমে আমার আখেরাতকে সুন্দর করতে সাহায্য করুন। আমি যেসব বিষয় থেকে অনুপস্থিত থাকি (আমার পরিবার, সম্পদ বা অগোচরের বিষয়) সেগুলোতে আপনি আমাকে হেফাজত করুন, আর আমি যেসব বিষয়ে উপস্থিত থাকি (আমার বর্তমান কাজকর্ম) সেগুলোতে আমাকে আমার নিজের (নফসের) ওপর ছেড়ে দেবেন না।
হে সেই মহান সত্তা! পাপ যাঁর কোনো ক্ষতি করতে পারে না এবং ক্ষমা যাঁর কোনো কমতি বা ঘাটতি তৈরি করে না! আমাকে সেই জিনিস দান করুন যা আপনার কোনো কমতি করবে না (অর্থাৎ আপনার ক্ষমা), আর আমার সেই পাপগুলো ক্ষমা করে দিন যা আপনার কোনো ক্ষতি করে না। নিশ্চয়ই আপনিই পরম দাতা।
আমি আপনার কাছে প্রার্থনা করছি আশু মুক্তি, সুন্দর ধৈর্য, প্রশস্ত রিযিক এবং সমস্ত বিপদ-আপদ থেকে নিরাপত্তা ('আফিয়াত)। আর আমি আপনার কাছে চাচ্ছি পূর্ণাঙ্গ নিরাপত্তা, স্থায়ী নিরাপত্তা, নিরাপত্তার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক এবং মানুষের মুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী থাকা। আর পরম উচ্চ ও মহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে) ফেরার এবং (পুণ্য করার) কোনো শক্তি ও ক্ষমতা কারও নেই।
হে আল্লাহ! আপনি আমার গোপন অবস্থাকে আমার প্রকাশ্য অবস্থার চেয়েও উত্তম করে দিন এবং আমার প্রকাশ্য অবস্থাকে সৎ ও সুন্দর (আমলদার) বানিয়ে দিন। হে আল্লাহ! আপনি মানুষকে সম্পদ, পরিবার ও সন্তান-সন্ততির মধ্য থেকে যা কিছু উত্তম ও কল্যাণকর দান করে থাকেন আমি আপনার কাছে তা প্রার্থনা করছি; এমন অবস্থায় যা আমাকে পথভ্রষ্ট করবে না এবং অন্যের পথভ্রষ্টতার কারণও বানাবে না।
হে আল্লাহ! আপনি আমাদের আপনার সেই মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাঁদের চেহারা ও হাত-পা (কিয়ামতের দিন ওযুর প্রভাবে) উজ্জ্বল ও আলোকময় থাকবে এবং যাঁরা হবেন আপনার দরবারে মাকবুল ও সম্মানিত মেহমান। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন একটি প্রশান্ত হৃদয় (নফসে মুতমাইন্নাহ) প্রার্থনা করছি যা আপনার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, আপনার সাথে সাক্ষাতের (পরকালের) প্রতি ঈমান রাখে, আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকে এবং আপনার দেওয়া দানে তুষ্ট থাকে।
হে আল্লাহ! সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যা আপনার স্থায়িত্বের মতোই চিরস্থায়ী, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যা আপনার অমরত্বের মতোই চিরঅমর। সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, আপনার ইচ্ছা ব্যতিরেকে যে প্রশংসার বিস্তৃতির কোনো সীমানা নেই। আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, এমন প্রশংসা যার দ্বারা প্রশংসাকারী আপনার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু আশা করে না। চোখের প্রতিটি পলকে এবং প্রতিটি নিঃশ্বাসের ওঠানামার সাথে সাথে আপনার জন্য অসংখ্য প্রশংসা। হে আল্লাহ! আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের দিকে ধাবিত করে রাখুন, এবং আপনার রহমতের উসিলায় আমাদের সর্বদিক থেকে হেফাজত করুন। হে আল্লাহ! আমি যাতে বিচ্যুত হয়ে না যাই সেজন্য আমাকে সুদৃঢ় রাখুন, আর আমি যাতে পথভ্রষ্ট না হই সেজন্য আমাকে সঠিক পথ প্রদর্শন করুন।
হে আল্লাহ! আপনি যেভাবে আমার এবং আমার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, ঠিক সেভাবেই আমার এবং শয়তান ও তার (কুৎসিত) কর্মের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিন। হে আল্লাহ! আপনি আপনার অসীম অনুগ্রহ থেকে আমাদেরকে দান করুন এবং আপনার রিযিক থেকে আমাদের বঞ্চিত করবেন না। আপনি আমাদের যে রিযিক দিয়েছেন তাতে প্রচুর বরকত দান করুন। আমাদের অন্তরসমূহকে (মানুষের কাছে যা আছে তা থেকে) নির্মুখাপেক্ষী বানিয়ে দিন এবং আপনার কাছে যা কিছু (নেয়ামত ও প্রতিদান) রয়েছে তার প্রতি আমাদেরকে আগ্রহী করে দিন।
হে আল্লাহ! আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার ওপর ভরসা করেছে আর আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন, যারা আপনার কাছে হেদায়েত চেয়েছে আর আপনি তাদেরকে হেদায়েত দিয়েছেন এবং যারা আপনার কাছে সাহায্য চেয়েছে আর আপনি তাদেরকে সাহায্য করেছেন।
হে আল্লাহ! আপনি আমার অন্তরের ওয়াসওয়াসা (কুবুদ্ধি ও কুচিন্তা)-গুলোকে আপনার ভয় এবং আপনার যিকিরে রূপান্তরিত করে দিন। আর আমার সমস্ত আকাঙ্ক্ষা, সংকল্পকে সেই বিষয়ের অনুগামী করে দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ! আপনি আমাকে আরাম-আয়েশ (স্বাচ্ছন্দ্য) কিংবা দুঃখ-কষ্ট যার মাধ্যমেই পরীক্ষায় ফেলুন না কেন; আমাকে সর্বদা সত্যের পথে এবং ইসলামী শরীয়তের ওপর অটল অবিচল রাখুন।
হে আল্লাহ! আমি আপনার কাছে সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ নেয়ামত প্রার্থনা করছি, এবং সেসব নেয়ামতের ওপর আপনার এমন কৃতজ্ঞতা আদায়ের তৌফিক চাচ্ছি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টির পরেও তা জারি থাকে। আর যেসব বিষয়ে বাছাই হতে পারে সেখানে আপনিই আমার জন্য বাছাই করে দিন। হে পরম সম্মানিত সত্তা! আপনি আমার সমস্ত কাজকর্মকে সহজ উপায়ে সম্পন্ন করে দিন, কোনো কাজকে কঠিন বা জটিল করবেন না।
হে আল্লাহ! হে ভোরের আলো স্ফূরণকারী! হে রাতকে বিশ্রামদায়ক এবং সূর্য ও চন্দ্রকে সময়নির্ধারক হিসেবে সৃষ্টির স্রষ্টা! আপনি আমাকে আপনার পথে জিহাদ করার জন্য শক্তি ও সামর্থ্য দান করুন।
হে আল্লাহ! আপনার সৃষ্টিজগতের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই, আমাদের পরিবার-পরিজনের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই এবং বিশেষ করে আমাদের প্রতি আপনার পরীক্ষা ও সুন্দর আচরণের জন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনারই। আপনার দেওয়া হেদায়েতের জন্য সমস্ত প্রশংসা আপনারই, আপনি আমাদের সম্মানিত করায় সমস্ত প্রশংসা আপনারই, আমাদের (দোষত্রুটি) গোপন রাখায় সমস্ত প্রশংসা আপনারই, মহাগ্রন্থ কুরআনের জন্য সমস্ত প্রশংসা আপনারই, পরিবার ও ধন-সম্পদ দানের জন্য সমস্ত প্রশংসা আপনারই এবং সুস্থতা ও নিরাপত্তা ('আফিয়াত) দেওয়ার জন্য সমস্ত প্রশংসা আপনারই। আপনার সন্তুষ্টি অর্জিত হওয়া পর্যন্ত সমস্ত প্রশংসা আপনারই এবং আপনি সন্তুষ্ট হওয়ার পরেও সমস্ত প্রশংসা আপনারই; হে ঐ সত্তা, যিনিই একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত এবং ক্ষমার মালিক!
হে আল্লাহ! আপনি আমাকে এমন সব কথা, কাজ, আচরণ, নিয়ত এবং হেদায়েতের তৌফিক দান করুন, যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রতারক বন্ধু থেকে, যার চোখ দুটো আমাকে দেখে (ত্রুটি খোঁজে) আর তার অন্তর আমার ওপর নজরদারি করে (ক্ষতি করার জন্য); সে যদি আমার কোনো ভালো কাজ দেখে তবে তা চেপে রাখে (লুকিয়ে ফেলে), আর যদি কোনো ভুল দেখে তবে তা মানুষের মাঝে প্রচার করে বেড়ায়।
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি চরম দৈন্যদশা এবং কৃত্রিমভাবে অভাবী সাজার অভিনয় করা থেকে। হে আল্লাহ! আমি আপনার কাছে ইবলীস এবং তার বাহিনীর (কুমন্ত্রণা) থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি নারীদের ফেতনা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! কিয়ামতের দিন আপনি আমার দিক থেকে আপনার মুখমণ্ডল ঘুরিয়ে নেবেন (বিমুখ হবেন) এমন পরিস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন প্রতিটি কাজ থেকে যা আমাকে লাঞ্ছিত করবে; আশ্রয় চাচ্ছি এমন সঙ্গী থেকে যে আমাকে কষ্ট দিবে; আশ্রয় চাচ্ছি এমন অলীক আশা-আকাঙ্ক্ষা থেকে যা আমাকে (আখেরাত থেকে) গাফেল বা উদাসীন করে রাখে; আশ্রয় চাচ্ছি এমন দারিদ্র্য থেকে যা আমাকে (আল্লাহর স্মরণ) ভুলিয়ে দেয় এবং আশ্রয় চাচ্ছি এমন ধন-সম্পদ থেকে যা আমাকে অহংকারী করে তোলে। হে আল্লাহ! আমি আপনার কাছে তীব্র দুশ্চিন্তাজনিত মৃত্যু এবং গভীর মানসিক কষ্টজনিত মৃত্যু থেকে আশ্রয় চাচ্ছি।